অর্থের বিনিময়ে বেআইনিভাবে নিয়োগের প্রতিবাদে কর্মপ্রার্থীদের বিক্ষোভ
দি নিউজ লায়ন; অর্থের বিনিময়ে বেআইনিভাবে নিয়োগের প্রতিবাদে কর্মপ্রার্থীদের বিক্ষোভ নদিয়ার কল্যানী ফ্লিপকার্টে। এবার অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ উঠল কল্যাণী ফ্লিপকার্টের কোয়েজ ভেন্ডারের বিরুদ্ধে। অভিযোগ,কল্যাণী, গয়েশপুর, হরিণঘাটা এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কল্যাণীতে তৈরি হয় ফ্লিপকার্ট সংস্থাটি ।
সেই মোতাবেক স্থানীয় বেকার যুবক যুবতীরা ইন্টারভিউয়ের মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও তাদেরকে কাজের সুযোগ না দিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে হাজার হাজার টাকার বিনিময়ে অন্যদের কাজের সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠল ফ্লিপকার্ট কোম্পানির নিয়োগ পদ্ধতিতে দায়িত্বে থাকা কোয়েজ ভেন্ডারের বিরুদ্ধে।
মূলত তারই প্রতিবাদে বুধবার সকাল থেকে কোম্পানির মূল গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন কোম্পানিতে ইন্টারভিউ দিয়েও উত্তীর্ণে অসফল কর্ম প্রার্থী যুবক-যুবতীরা। এই দিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল নেতা তথা নদীয়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ চঞ্চল দেবনাথ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব বৃন্দ। যতক্ষণ না পর্যন্ত বেআইনি নিয়োগ পদ্ধতি বন্ধ করে কোম্পানির ইন্টারভিউ উত্তীর্ণ যোগ্য যুবক-যুবতীদের নিয়োগের ব্যবস্থা করা হবে কোম্পানির পক্ষ থেকে ততক্ষণ তাদের এই প্রতিবাদ বিক্ষোভ চলতে থাকবে বলে এই দিনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে জানান জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ চঞ্চল দেবনাথ।
পাশাপাশি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বহু প্রচেষ্টার পর স্থানীয় চাষীদের রাজি করে সংস্থাটির গঠনের জন্য এই ফ্লিপকার্টকে জমি দান করা হয়েছে, শুধুমাত্র এলাকার বেকার শিক্ষিত যুবক যুবতীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। সেখানে অস্বচ্ছতা সাথে নিয়োগ পদ্ধতি চালিয়ে স্থানীয় শিক্ষিত যুবক যুবতীদের বঞ্চিত করা যাবে না বলেও এই দিন দাবি করেন তিনি। অবিলম্বে এলাকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা না করা হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথে হাঁটবেন তারা বলে এই দিন জানান চঞ্চল বাবু।

Post a Comment